
শীতকালে শুষ্ক চোখের সমস্যা একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর বিষয়।শীতের তীব্র ঠাণ্ডা ও শুকনো বাতাস চোখের আর্দ্রতা শোষণ করে, ফলে চোখ শুষ্ক হয়ে যায়। এর ফলে চোখে জ্বালা, চুলকানি, ঝাপসা দেখা বা অতিরিক্ত জল পড়ার মতো সমস্যা দেখা দেয়।
শুষ্ক চোখের সমস্যা অনেক সময় চোখের প্রদাহ বা সংক্রমণও সৃষ্টি করতে পারে,তাই এটি সময়মতো সমাধান করা প্রয়োজন।এই অবস্থায়,শীতকালে শুষ্ক চোখের সমস্যা থেকে মুক্তি পেতে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করা যেতে পারে।যেমন,চোখের আর্দ্রতা বজায় রাখা।শীতকালে বাতাসে আর্দ্রতার অভাব থাকে, যা চোখের শুষ্কতার জন্য দায়ী।তাই শুষ্ক চোখ থেকে মুক্তি পেতে চোখের আর্দ্রতা বজায় রাখা জরুরি। চোখের শুষ্কতা কমানোর জন্য চোখের ড্রপ বা আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করা যেতে পারে।এই ড্রপগুলো চোখের প্রাকৃতিক আর্দ্রতা পুনরুদ্ধার করতে সহায়ক। চোখের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।পাশাপাশি,শীতের সময়ে নিয়মিত বিরতি নেওয়া উচিত।শীতকালীন শুষ্কতার কারণে চোখে অতিরিক্ত চাপ পড়ে, বিশেষ করে যদি দীর্ঘসময় কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করা হয়।এ ধরনের পরিশ্রম চোখের শুষ্কতা বাড়িয়ে দেয়।তাই প্রতি ২০ মিনিট পর পর চোখে বিরতি নেওয়া উচিত।২০ সেকেন্ড চোখ বন্ধ রাখুন এবং দূরের কিছু দেখুন। এটি চোখের ক্লান্তি কমাতে সাহায্য করবে।অন্যদিকে শীতকালে শুষ্কতা কমাতে গরম জলে স্নান খুবই কার্যকর। গরম জল শরীরের ত্বক ও চোখের পেশীকে আরাম দেয় এবং চোখের ক্লান্তি কমায়।শীতকালে চোখের ওপর গরম তোয়ালে ব্যবহার করলে চোখের শুষ্কতা অনেকটা কমে যেতে পারে। তবে খুব গরম জল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।পাশাপাশি,কনটাক্ট লেন্স ব্যবহার সীমিত করা।শীতকালে কনটাক্ট লেন্স ব্যবহার চোখে শুষ্কতার সমস্যা বাড়িয়ে দেয়। কনটাক্ট লেন্সের মাধ্যমে চোখে আর্দ্রতা বজায় রাখা কঠিন হয়, তাই এটি সীমিত ব্যবহার করা উচিত। যদি কনটাক্ট লেন্স ব্যবহৃত হয়, তবে এর পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিক ব্যবহারের দিকে খেয়াল রাখা প্রয়োজন।এছাড়া,ঘরের ভিতরে শীতকালে আবহাওয়া শুষ্ক হয়ে যায়, তাই হিউমিডিফায়ার ব্যবহার করে বাতাসে আর্দ্রতা বজায় রাখা উচিত।এটি চোখের শুষ্কতা কমাতে সাহায্য করবে।
পাশাপাশি ঘরদোর পরিষ্কার রাখতে হবে এবং যাতে ধূলিকণা বা অ্যালার্জেনের প্রভাব চোখে না পড়ে, তা নিশ্চিত করা প্রয়োজন।একইসঙ্গে,শীতকালে তীব্র ঠাণ্ডা বাতাস থেকে চোখকে রক্ষা করতে সানগ্লাস ব্যবহার করা উচিত। এই চশমাগুলো চোখকে শীতের বাতাস ও ধুলোবালি থেকে রক্ষা করবে, যা চোখের শুষ্কতা কমাতে সহায়ক।








