
ছাত্র বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের কালের জন্য হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান মালদহের গনি খান চৌধুরি কারিগরি কলেজে। শনিবার সকালে কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে অতিশীঘ্র সমস্ত পড়ুয়া ও হস্টেলের আবাসিকদের কলেজ ক্যাম্পাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
গনি খান চৌধুরি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সহকারী রেজিস্ট্রার দেবানিক মজুমদার কলেজ বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, কলকাতার ম্যাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তরফে গনি খান চৌধুরি কারিগরি কলেজের ওড সেমেস্টার পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়নি।
রেজাল্ট প্রকাশের দাবিতে শুক্রবার বিকেল চারটে থেকে ছাত্র বিক্ষোভ চলছে প্রশাসনিক ব্লকের সামনে। সমস্যা যাতে অন্যদিকে মোড় না নেয়, সেদিকে তাকিয়ে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল। সমস্ত ছাত্র ও হস্টেলের আবাসিকদের ক্যাম্পাস ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।








