
থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা জন নায়াগন মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ে ফেলেছিল।
শুক্রবার,৯ তারিখ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আটকে যায়।বিজয়ের ছবি মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরেই তামিলনাড়ুতে তীব্র বিতর্ক চলছিল। এমনকি তামিল চলচ্চিত্রজগতের একাধিক তারকাও বিজয়ের সমর্থনে রাস্তায় নেমে মিছিল করেন।জানা যায়, সেন্সর বোর্ডের আপত্তির কারণেই ছবিটির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়। পরিস্থিতি জটিল হওয়ায় শেষ পর্যন্ত মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন বিজয়। সেন্সর বোর্ড অবশেষে ছবিটিকে,ইউ/এ ছাড়পত্র দিয়েছে। ফলে ‘জন নায়াগন’-এর মুক্তিতে আর কোনও আইনি বাধা থাকছে না।তবে অনেকেরই দাবি, এই বিলম্বের নেপথ্যে শুধু সেন্সর জটিলতা নয়, রয়েছে রাজনৈতিক অভিসন্ধি। গুঞ্জন, আসন্ন নির্বাচনে বিজয়ের দল বিজেপির সঙ্গে জোটে আগ্রহী নয়, বরং রাহুল গান্ধীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেশি—এই কারণেই নাকি চাপ তৈরি হয়েছিল।
হাজার ঝড়ঝাপটা পেরিয়ে শেষ পর্যন্ত ছাড়পত্র মিললেও, নতুন করে কবে জন নায়াগন মুক্তি পাবে, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।









