
স্বাধীনতা দিবসের হাতে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে ফের প্রকাশ্যে লালকেল্লার নিরাপত্তার গলদ। ফের বোমা-সহ লালকেল্লায় ঢুকে পড়েছে এক ডামি জঙ্গি। আশ্চর্যের বিষয়, নিরাপত্তার এত কড়াকড়ি সত্ত্বেও কারও নজরে পড়েনি না সেই ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে ১৫ অগাস্ট যেখানে প্রধানমন্ত্রী-সহ দেশের সমস্ত ভিভিআইপিরা উপস্থিত হবেন সেই স্থান কতখানি নিরাপদ।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ভিভিআইপি চত্বর লালকেল্লার নিরাপত্তা খতিয়ে দেখতে মক ড্রিলের আয়োজন করেছিল নিরাপত্তা বিভাগ। তারই অংশ হিসেবে সাদা পোশাকে ডামি জঙ্গিদের প্রবেশ করানোর কথা ছিল লালকেল্লায়। ছিল নকল বোমার ব্যবস্থা। লালকেল্লার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বোকা বানিয়ে সেখানে প্রবেশ করতে সক্ষম হয় নকল জঙ্গিদের দল। শুধু তাই নয়, দ্বিস্তরীয় মেটাল ডিটেক্টরকে টপকে বোমা-সহ ঢুকে পড়ে জঙ্গির বেশে থাকা সাদা পোশাকের নিরাপত্তা আধিকারিকরা। এমনকী ভেতরে ঢোকার আগে সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সেলফিও তোলেন ওই ডামি জঙ্গি। পুলিশের তরফে জানানো হয়েছে, লালকেল্লার নিরাপত্তা নিশ্চিত করতে লাগাতার মক ড্রিল চলছে। এটা সেই মক ড্রিলেরই একটি অংশ।
নিরাপত্তায় যাতে কোনও রকম গলদ না থাকে তা নিশ্চিত করা পর্যন্ত এই মকড্রিল জারি থাকবে। গলদ থাকলেও এর আগে আমরা একাধিকবার সফল হয়েছে। বহুবার মকড্রিলে ডামি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত ১৫টি মক ড্রিল হয়েছে এখানে। যদিও এই ঘটনা প্রথমবার নয়, এই মকভ্রিলের সময় এর আগেও পুলিশকে বোকা বানিয়ে লালকেল্লায় ঢুকতে সক্ষম হয়েছে নিরাপত্তা বিভাগের সদস্যরা।






