
দার্জিলিংয়ের পাহাড়ি পথে এবার দুর্গোৎসব যেন অন্য মাত্রা পেয়েছে। দেবী বিসর্জনের শোভাযাত্রা হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহাসিক ট্রয় ট্রেনে। ১১১ বছরের দুর্গাপুজো অন্যভাবে পালন করেছে নৃপেন্দ্র নারায়ণ বাঙালি হিন্দু হল।
পাহাড়ের বুকে প্রাচীন এই পুজো শুধু স্থানীয় বাঙালি সমাজের গর্ব নয়, ঐতিহ্যের ধারকও বটে। আর সেই ঐতিহ্যের সঙ্গে এবার মিশে গিয়েছে পাহাড়ের আরেক ঐতিহ্য টয়ট্রেন। ষষ্ঠী থেকে শুরু হয়েছিল উৎসব। সপ্তমী, অষ্টমী, নবমীতে পাহাড়ি শহরে ঢল নামে স্থানীয় মানুষজন ও পর্যটকদের। রীতি মেনে পুজো তো হয়ই, পাশাপাশি প্রত্যেক দিনই ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে দশমীর দিনের অপেক্ষায় ছিলেন সবাই, কারণ দার্জিলিংবাসী আগে এমনটা কখনও দেখেননি। দশমীতে ঘট বিসর্জন হতেই ফুলে সাজানো ট্রয় ট্রেনে তোলা হয় মাতৃ প্রতিমা। দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করে বিশেষভাবে সজ্জিত ট্রয় ট্রেন। একটি খোলা বগিতে স্থান পায় দেবী দুর্গার প্রতিমা। বাকি দুটি বগি ছিল মহিলা ও প্রবীণ ভক্তদের জন্য সংরক্ষিত। পাহাড়ি পথে এঁকেবেঁকে যাত্রা শুরু করে টয়ট্রেন। গোটা পথ মুখরিত হয় ঢাকের শব্দে।
সেই শোভাযাত্রা দেখতে চারপাশে ভিড় জমান স্থানীয় মানুষ ও দেশি-বিদেশি পর্যটকরা। গন্তব্য রংবুল নদী। বাতাসিয়া লুপে মুহূর্তের জন্য থেমে যায় ট্রেন, যেখানে অসংখ্য মানুষ প্রণাম জানান। তারপর ঘুম স্টেশন পেরিয়ে ট্রেন পৌঁছে যায় রংবুল নদীর তীরে। সেখানেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়।





