
সবে বিশ্বকর্মা পুজো হয়েছে, আর কটা দিন বাকি রয়েছে দুর্গাপুজোর। মণ্ডপে মণ্ডপে এখন চূড়ান্ত ব্যবস্থা। এই অবস্থায় দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে।
পৌরাণিক রীতি মেনেই সূচনা হয়েছে এই পুজোর। চলবে শুক্লা নবমী পর্যন্ত। টানা ১৫ দিন ধরে চলবে এই পুজো। বাড়ির সদস্যরা পুজো করে আসছেন। দুই প্রজন্ম ধরে পুজো করে আসছেন তারা। বাড়ির ছেলে প্রসেনজিৎ দাস নিজেই পুজো করেন। পুজোর সমস্ত কাজের দায়িত্ব নেন চিকিৎসক বোন মৌমিতা দাস। ষষ্ঠী থেকে মূল পুজোর সূচনা হয়। ষষ্ঠীর সন্ধেয় আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে দেবীর আবাহন হয়, এরপর সপ্তমী থেকে নবমী মহাপুজো চলে। প্রতিদিন চালকুমড়ো বলি দেওয়া হয়। অষ্টমীকে কোনও অন্নভোগ হয় না। নবমীতে কুমারীপুজো হয়।
দশমীতে দেবীকে দেওয়া হয় পান্তা ভাত ও কচুর লতি ভোগ। এরপরেই বিদায় দেওয়া হয় দেবী দুর্গাকে।








