
রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন খোলা হাওয়া সংগঠনের ডাকে কলকাতা সহ রাজ্যে ১২ বিদ্যুৎষ্পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মিছিল ও ডোরিনা ক্রসিংয়ে সমাবেশের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷
শহরে বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর প্রতিবাদে মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচি পালনের আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরি বলেছেন, ৫ অক্টোবর দুর্গাপুজা কার্নিভাল রয়েছে ঠিকই । কিন্তু ১২ জনের মৃত্যুও অত্যন্ত দুঃখজনক। সেই জন্য মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে। বিচারপতি নির্দেশে আরও জানিয়েছেন, যেহেতু ৫ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে, সেই জন্য মিছিল হবে বেলা দুটো থেকে পাঁচটা । আর মিছিলের রুট কী হবে, সেটা পুলিশ ঠিক করে দেবে । সংগঠনের পক্ষ থেকে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করার জন্য আবেদন করা হয়েছিল। সেই দাবি মানেনি আদালত৷ পাশাপাশি পাঁচ হাজার নয়, তিন হাজার সমর্থক নিয়ে এই মিছিল করা যাবে বলে নির্দেশে জানিয়েছে হাইকোর্ট।
এরপর শুভেন্দু জানিয়েছেন, রাজ্য সরকারকে উচিত শিক্ষা দিয়ে মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১২ জন সহনাগরিককে হারিয়েছেন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এই মিছিল হবে।





