
বিহারে দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে।ঘটনাটি ঘটেছে আরা জেলার একটি পুজোর প্যান্ডেলে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন চার দর্শনার্থী।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্যান্ডেল থেকে দু’টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুজোর প্যান্ডেলে স্থানীয়েরা ছিলেন। এছাড়াও দর্শনার্থীরাও আসছিলেন। প্রতিমা দর্শন করছিলেন। আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী দু’টি বাইকে করে আসে। প্যান্ডেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় প্যান্ডেলের ভিতরে। দুষ্কৃতীদের ছোড়া গুলি লাগে চার দর্শনার্থীর গায়ে। রক্তাক্ত অবস্থায় প্যান্ডেলের ভিতরে লুটিয়ে পড়েন ওই চার জন।দুষ্কৃতীরা গুলি চালিয়ে আবার বাইক নিয়ে পালিয়ে যায়। কারা হামলা চালাল, কেনই বা হামলা চালাল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পুজো কমিটির সঙ্গে কথা বলে এই ঘটনার কোনও সূত্র পাওয়া যায় কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
ছবি সৌজন্যে : এক্স
