
পুজোর মধ্যেই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রোজদিন বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পঞ্চমী থেকেই কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি চলছে। তবে সেই বৃষ্টির ভ্রুকুটি মাথায় নিয়েই রাস্তায় দর্শনার্থীদের ঢল।
এরইমধ্যে আবারও ষষ্ঠীর সারাদিনই একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, বর্তমানে সেটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটির গতিমুখ ছত্তীসগড়ের দিকে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি শক্তি হারাবে। তবে এর পরোক্ষ প্রভাবে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পঞ্চমীতে উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও দু-এক পশলা বৃষ্টি নামবে। অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতির দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত তুলনামূলকভাবে বৃষ্টি কম হবে। তবে নবমীর দিন আবার পরিস্থিতি বদলাবে। কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। একাদশীতেও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও ভাসতে পারে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, শনিবার ও রবিবার সমুদ্র উত্তাল থাকবে। তাই বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের অন্তত রবিবার পর্যন্ত সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। রবিবার পর্যন্ত পার্বত্য জেলাগুলোতে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি চলবে।






