
কলকাতার দুর্যোগের জন্য ডিভিসিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ড্রেজিং না করাতেই এই দুর্ভোগ। মুখ্যমন্ত্রী বলেছেন কলকাতায় জল জমা অনেক কমে গিয়েছে। কিন্তু এবার সামলাতে হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের জল।
ফরাক্কা, পাঞ্চেত, ময়ূরাক্ষী। এই ব্যারাজগুলো একটাও রাজ্যের নয়, এর ড্রেজিংয়ের টাকাও দেওয়া হয়নি। দুর্যোগ পরিস্থিতিতে মানুষের পাশে না দাঁড়িয়ে দুর্যোগকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন ফরাক্কার ড্রেজিং হয়নি কেন। পলি মাটি জমে গিয়ে বিহার, উত্তরপ্রদেশের জল ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে কলকাতার গঙ্গায় ঢুকছে। গঙ্গার যদি জলধারণ ক্ষমতা কমে যায়, তাহলে কলকাতার জলটা কোথায় ফেলা হবে। তাঁর সরকার আসার পরে সাড়ে ৫ লাখেরও বেশি পুকুর কাটা হয়েছে। ৫০০ চেক ড্যাম হয়েছে। সেখানেই জল ধারণ করা হচ্ছে। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা রয়েছে।
কিন্তু অন্য রাজ্যের দায়িত্বও বাংলার ঘাড়ে পড়ছে। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। তারা স্পষ্ট করেছে ডিভিসির জল কলকাতায় যায় না। আমতা হয়ে গঙ্গায় মিশে যায়।
