কুয়েতে ইঞ্জিনিয়ারের দেহ ফিরল রাজ্যে, তৃণমূল-বিজেপি টানাপোড়েন

0
165
ENGINEERS BODY ARRIVED FROM KUWAIT TMC BJP TANAPOREN
ENGINEERS BODY ARRIVED FROM KUWAIT TMC BJP TANAPOREN

কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডে মৃত ইঞ্জিনিয়ার দ্বারিকেশ পট্রনায়কের কফিনবন্দি দেহ পৌঁছল কলকাতায়। দেহ ফিরতেই তৃণমূল বিজেপির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

রাজ্য সরকারই দ্বারিকেশের দেহ ফেরাতে ব্যবস্থা করেছে বলে দাবি করেছেন মন্ত্রী সুজিত বসু। অগ্নিমিত্রা পালের অবশ্য পাল্টা দাবি কুয়েত থেকে দেহ ফিরিয়েছে কেন্দ্রই। পাশাপাশি তিনি রাজ্যের কর্মসংস্থানের হাল নিয়ে তৃণমূলকে বিঁধেছেন। তিনি বলেছেন রাজ্যে চাকরি না থাকায় অনেককেই বাধ্য হয়ে বিদেশে যেতে হচ্ছে। কোনও দুর্ঘটনা ঘটলে তখন তথ্য সামনে আসছে। অন্যদিকে সুজিত বসুর বক্তব্য দাঁতনের এই ইঞ্জিনিয়ার কয়েক দশক আগে কুয়েতে গিয়েছিলেন। সেই সময় রাজ্যে তৃণমূল সরকার ছিল না। কাজের সুযোগ থাকলে বিদেশে যাওয়া অন্যায় নয় বলে দাবি করেন সুজিত বসু। এদিকে কলকাতা বিমানবন্দর থেকে দ্বারিকেশের দেহ নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুরে। সেখানেই মেয়েকে নিয়ে থাকেন মৃতের স্ত্রী। এরপর দ্বারিকেশের দেহ নিয়ে যাওয়া হবে দাঁতনের খুশুরুই গ্রামের বাড়িতে। প্রায় ২৮ বছর আগে বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার হিসেবে কুয়েতে কাজে যোগ দিয়েছিলেন। পুজোর আগে সেপ্টেম্বরে দেশে ফেরার কথা ছিল। দ্বারিকেশের শ্বশুর তৃণমূলের দাঁতন ২ নম্বর ব্লক সভাপতি কমলাকান্ত পট্টানায়ক।