
চলতি মরসুমে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই বর্ষা প্রবেশ করতে পারে ভারতে। কেন্দ্রীয় মৌসম ভবনের তরফে এমনটাই জানানো হয়েছে।
আইএমডি-র তরফে বলা হয়েছে, ২৭ মে কেরালা উপকূলে পৌঁছাতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসমী বায়ু। সাধারণ ১ জুন ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে বর্ষার আগমন ঘটে। তারপর ৮ জুনের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে। এই মৌসুমী বায়ুর জন্যই বর্ষার বৃষ্টি শুরু হয় দেশের নানা প্রান্তে।
আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছে, এই বছর এল নিনো পরিস্থিতি নেই। ফলে বর্ষার খামখেয়ালি আচরণের সম্ভাবনা নেই। চলতি বছরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
