
বিতর্ক আর ঊর্বশী রাওতেলা যেন একে-অপরের সমার্থক, হাতে সিনেমা-সিরিজ কিংবা নিদেনপক্ষে টেলিভিশন শো না থাকলেও স্টাইল স্টেটমেন্টের জেরেই লাইমলাইটে বিরাজ করেন মডেল-অভিনেত্রী। এবার মাত্রাতিরিক্ত মেকআপে কান কার্পেটে ডায়মন্ড গার্ল অবতারে ধরা দিতেই ফের ফ্যাশন স্টেটমেন্টের জন্য ট্রোলড ঊর্বশী রাওতেলা।
নেটদুনিয়ার নীতিপুলিশদের মতে, কান-এ গিয়ে নাক কাটিয়েছেন নায়িকা। সোশাল পাড়াতেও ট্রোল-মিমের ছড়াছড়ি। এর নিন্দুকদের এহেন কারসাজি নজরে পড়তেই ফোঁস করে উঠেছেন ঊর্বশী।আসলে ফ্রেঞ্চ রিভেরাঁর লাল গালিচায় হাঁটার পর থেকেই চর্চায় ঊর্বশীর কেরিয়ার। নিন্দুকদের প্রশ্ন, সিনেদুনিয়ায় আপনার কোন অবদানটা রয়েছে, যার জন্য ফি বছর কান কার্পেটে হাঁটেন? আর এহেন প্রশ্ন তুলেই ঐশ্বর্য রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনদের সঙ্গে ঊর্বশীর তুলনা টেনেছেন তাঁরা। সোশাল পাড়ায় দাবানল গতিতে ভাইরাল হওয়া কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এক মিমে দেখা গিয়েছে, ঐশ্বর্য-প্রিয়াঙ্কা থেকে দীপিকাদের পায়ের সামনে লুটোপুটি খাচ্ছেন ঊর্বশী রাওতেলা। সেই সারিতে আবার ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটরাও রয়েছেন। আসলে দিন কয়েক আগে ঐশ্বর্যর কান অনুপস্থিতি নিয়ে কম শোরগোল হয়নি। কারণ দীর্ঘ আড়াই দশক ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলির রেড কার্পেটে ভারতীয় নায়িকা হিসেবে ঐশ্বর্য রাই বচ্চনই ১৪৪ কোটির দেশের প্রতিনিধিত্ব করে এসেছেন। সেই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনদের নাম অনেক পরেই জুড়েছে। সেই প্রেক্ষিতেই চলতিবারে খ্যাতনামা আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবে রাই সুন্দরী, ঐশ্বর্যর পরিবর্তে আলিয়া ভাটকে আমন্ত্রণ জানানোয় বেজায় বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কের আঁচে পড়েছেন ঊর্বশীও।
ভাইরাল হওয়া মিম অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। এবার সেপ্রসঙ্গেই নিন্দুকদের একহাত নিয়েছেন মডেল-অভিনেত্রী ঊর্বশী রাওতেলা।
