মেয়েদের সাফ ক্লাব কাপে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল 

0
133
ছবি সৌজন্যে : এক্স
মেয়েদের সাফ ক্লাব কাপে সফল ইস্টবেঙ্গলের মহিলা দল। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের এপিএফ ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। জোড়া গোল নাইজেরীয় স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুটের। একটি গোল করেছেন সিল্কি দেবী।
ঘরের দলকে সমর্থন করতে কাঠমান্ডুর স্টেডিয়ামে প্রচুর সমর্থক এসেছিলেন। কয়েক জন ইস্টবেঙ্গলের সমর্থককেও দেখা গিয়েছে। ২১ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ফাজিলা। তাঁর জোরালো শট ধরতে পারেননি বিপক্ষের গোলকিপার অঞ্জনা। হাতের তলা দিয়ে বল গোলে ঢুকে যায়। ৩৫ মিনিটে দ্বিতীয় গোল সিল্কির। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে মাথা ঠেকিয়ে গোল করেন সিল্কি। প্রথমার্ধেই দু’গোলে এগিয়ে গিয়ে অনেকটাই সুবিধা পেয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে তারা। খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ফাজিলা। এ বারও ভুল করেন বিপক্ষ গোলকিপার। সাফ ক্লাব প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল।
পরের ম্যাচে করাচি সিটিকে হারায় ২-০ গোলে। তৃতীয় ম্যাচে বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে পরাস্ত করে ৭-০ গোলে। গ্রুপের শেষ ম্যাচে এপিএফের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে। ফাইনালে বাজিমাত করল ইস্টবেঙ্গল।