
পশ্চিমবঙ্গের সঙ্গে গরমে বিধ্বস্ত পূর্ব-দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ। চলছে তাপপ্রবাহ।
এমনকি যে সমস্ত জায়গায় কখনও এমন গরম পড়তে দেখা যায় না, সেখানেও তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। কোথাও কোথাও ৪০-এর গণ্ডিও অতিক্রম করে ফেলেছে পারদ। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী পাঁচ দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে গরমের পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং তাপপ্রবাহ চলবে। কেরল, তামিলনাড়ু, পশ্চিমঘাট সংলগ্ন মহারাষ্ট্র, বেঙ্গালুরুতে সাধারণত এই ধরনের গরম পড়ে না। সেখানেও এপ্রিলে তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। গরমে মৃত্যুর খবরও মিলেছে কয়েকটি এলাকা থেকে।লক্ষদ্বীপের আমিনিদিভিতে এখনও পর্যন্ত এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা বিরল। অন্ধ্রপ্রদেশের আরোগ্যভরমে তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪১ ডিগ্রির গণ্ডিও। এছাড়াও, ওড়িশার কটক, তামিলনাড়ুর ধর্মপুরী, পশ্চিমবঙ্গের ক্যানিং, ডায়মন্ড হারবারে এপ্রিলের তাপমাত্রা ছিল ৪১ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা আগামী পাঁচ দিনে আরও বাড়তে পারে।
