
অবজার্ভারের ট্রেনিং নিতে দিল্লিতে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিবকে। শুক্রবারই দিল্লি যাওয়ার কথা স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনার। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় অবজার্ভার হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করে কমিশন।
সেই তালিকায় স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা সহ ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস-র নাম রয়েছে। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়ে কমিশনকে চিঠি দেয় নবান্ন। রাজ্যের পাঠানো বিকল্প তালিকা খারিজ করে কমিশনের তরফে জানানো হয়েছে অবজার্ভারের ট্রেনিংয়ের জন্য যে তালিকা পাঠানো হয়েছিল সেটা স্বরাষ্ট্রসচিব হিসেবে নয়, আইএএস এবং আইপিএসদের ধরে তালিকা তৈরি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের যুক্তি ছিল ভোটের মুখে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের বাইরে পাঠানো হলে রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিঘ্ন হতে পারে।
বিশেষ করে স্বরাষ্ট্রসচিবের মত গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকদের ক্ষেত্রে। সেই কারণে বিকল্প নাম প্রস্তাব করে ১৭জন আধিকারিককে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছিল। কিন্তু তা খারিজ করেছে কমিশন।
