
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং মিডলম্যান প্রসন্নকুমার রায়ের প্রায় ৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে নগদ টাকা, হোটেল, রিসর্ট এবং বিভিন্ন সম্পত্তি।
ইডির দাবি অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা থেকে কেনা হয়েছে এই সম্পত্তি। কেন্দ্রীয় এজেন্সির আরও দাবি শুধু সম্পত্তি কেনা নয়, আত্মীয় পরিজনদের নামে থাকা বিভিন্ন ব্যবসাতেও চাকরি দুর্নীতি থেকে প্রাপ্ত টাকা বিনিয়োগ করেছিলেন জীবনকৃষ্ণ।মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়োগ মামলায় ২০২৩-র এপ্রিলে গ্রেফতার করেছিল সিবিআই। সেইসময় পুকুরে মোবাইল ফেলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে জামিন পেলেও গত বছর অগাস্টে ফের গ্রেফতার হন জীবনকৃষ্ণ। এবার পাঁচিল টপকে পালানোর চেষ্টার অভিযোগ ওঠে।
এই একই মামলাতে মিডলম্যান প্রসন্ন রায়কেও গ্রেফতার করেছিল সিবিআই। পরে এই মামলার আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে ইডি।
