
দেবাশিস কুমারের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু, রথীন ঘোষকেও তলব করেছে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দুই মন্ত্রী সুজিত বসু, বুধবার রথীন ঘোষকে হাজিরা দিতে বলা হয়েছে। এবারেও তাঁরা তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন।
এর আগে সুজিত বসুর স্ত্রী, মেয়ে, ছেলে এমনকি প্রাক্তন জামাইকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার অয়ন শীলকে জেরা করে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের বিভিন্ন নথি পান তদন্তকারী অফিসাররা। তাতে অনেক প্রভাবশালীন নাম পাওয়া গিয়েছে। সেই সূত্রেই এই দুইজনকে জেরার জন্য ডাকা হয়েছে। এদিকে জমি দখল মামলায় আবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন দেবাশিস কুমার। বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিক কুমার সোমবারও এই মামলায় হাজিরা দিয়েছিলেন। দীর্ঘসময় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তাঁকে। দেবাশিস কুমার অবশ্য জানিয়েছেন এই তলবের প্রভাব নির্বাচনের ওপর পড়বে না। জমি দখল মামলায় কয়েকদিন ধরেই সক্রিয় ইডি। এর আগে শনিবার কলকাতা এবং আশপাশের বেশকিছু জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। জমি দখলের অভিযোগে ১৬ ১৭ এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত চলছে।
ওই তল্লাশি অভিযানের পর সোমবার ডাকা হয়েছিল দেবাশিস কুমারকে। বুধবার কসবার ত্রাস সোনা পাপ্পুর বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। এই প্রসঙ্গে বিরোধীদের তরফে সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমারের যোগের অভিযোগ তোলা হয়েছে।
