
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩২ থেকে ৩৩ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে ইডি। নিজেই সেকথা জানিয়েছেন বাঘেল। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, এটা কোনও বড় বিষয় নয়। তিনি আরও বলেছেন, তাঁর পরিবারের আয়ের বিভিন্ন উৎস রয়েছে এবং তাঁরা ১৪০ একর জমিতে চাষাবাদ করেন, তাই এ পরিমাণ অর্থ থাকা অস্বাভাবিক কিছু নয়।
ছত্তিশগড়ের দুগ জেলার ভিলাই শহরে বাঘেলের বাসভবনে সোমবার অভিযান চালায় ইডি। তাঁর ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে মদ কেলেঙ্কারি মামলার তদন্তে এই তল্লাশি চালানো হয়। অভিযোগ, চৈতন্য বাঘেল আবগারি দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত প্রচুর সম্পত্তি মালিক। সেজন্যই ইডি তাঁর ঘনিষ্ঠ সহযোগী লক্ষ্মী নারায়ণ ও অন্য কয়েকজনের বাড়িতেও তল্লাশি চালায়। বাঘেলের বাড়িতে অভিযানের পর ইডি আধিকারিকদের ওপর হামলা চালায় কংগ্রেস কর্মীরা বলেও অভিযোগ ওঠে।








