
আর্থিক অনিয়মের মামলায় অভিযুক্ত শিল্পপতি তথা রিলায়্যান্স অনিল ধীরুভাই অম্বানী গোষ্ঠী ,এডিএজি-র কর্ণধার অনিল অম্বানী এবং তাঁর সংস্থার ৫৮১ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট,ইডি। ইডির তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ১৩টি রাজ্যে ছড়িয়ে থাকা ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
এই নিয়ে এই মামলায় মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ১৬৩১০ কোটি টাকা।ইডি জানিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি গোয়া, কেরল, কর্নাটক, পঞ্জাব, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্র প্রদেশ এবং রাজস্থানে জমি-সহ ৩১টি স্থাবর সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে বৃহস্পতিতে। রিলায়্যান্স হোম ফাইন্যান্স লিমিটেড,আরএইচএফএল এবং রিলায়্যান্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড,আরসিএফএল মামলায় এই পদক্ষেপ করা হয়েছে।ওই সম্পত্তিগুলি যাতে হস্তান্তরিত না করা বা মালিকানা বদল করা না-যায়, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে ইডি-র একটি সূত্র জানাচ্ছে।
প্রসঙ্গত,এর আগে গত মাসে ইডি এই মামলায় অনিলের মুম্বইয়ের পালি হিলের বাড়ি অ্যাটাচ করেছিল। প্রায় ৩৭১৬ কোটি ৮৩ লক্ষ টাকা মূল্যের ১৭তলার ওই বাড়িটি এখন তাদের হেফাজতে।
