
পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৯ ঘণ্টা টানা ইডির জেরা সামলে সিজিও কমপ্লেক্স ছেড়েছেন সুজিত বসু। তাঁর দাবি সিবিআই চার্জশিটে তাঁর নাম নেই।
এই মামলার সাক্ষী হিসেবে ডেকেছিল ইডি। তিনি তদন্তে সহযোগিতা করতে এসেছিলেন। ভবিষ্যতে ডাকলেও আবার সহযোগিতা করবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে ৩ বার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিলেও ভোটের ব্যস্ততার কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছেন সুজিত বসু। উল্টে আদালতের দ্বারস্থ হন তিনি। এরপর হাইকোর্টের নির্দেশ মত শুক্রবার সকালে সল্টলোকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়ে হাজিরা দিয়েছেন সুজিত বসু। তাঁর সঙ্গে ছেলে সমুদ্র বসু ছাড়াও দুই আইনজীবী ছিলেন। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সুজিত বসুর বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের যে ধাবাটি রয়েছে, সেখানেও ইডির অভিযান চলে। সুজিত বসুর ছেলে এবং পরিবারের অন্য সদস্যদেরও ডেকে পাঠিয়েছিল ইডি। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়।
ইডি দফতরে ঢোকার সময় কোনও নথিপত্র চাওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে সুজিত বসু অবশ্য জানিয়েছেন তেমন কিছু নয়। তবে তাঁর সঙ্গে বেশকিছু নথিপত্র ছিল। তাঁর দাবি সেগুলো আদালতের নির্দেশনামার প্রতিলিপি।







