
সোনা পাপ্পু মামলায় কসবা, চক্রবেড়িয়া, রয়েড স্ট্রিট সহ একযোগে কলকাতা ও জেলার ৯ ঠিকানায় একযোগে হানা দিয়েছে ইডি।
মূলত সোনা পাপ্পু, শান্তনু সিনহা বিশ্বাস এবং জয় কামদারদের কালো টাকা কিভাবে সাদা হত, তার খোঁজ পেতেই এই হানা। তালিকায় রয়েছেন পুলিশ অফিসার, ব্যবসায়ী, হোটেল মালিকও। কসবায় শান্তনু সিনহা ঘনিষ্ঠ সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলি শাহ-র কসবার বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকরা। পুলিশ মহলে তিনি শান্তনু সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। রুহুল আমিনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ একাধিক তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। এছাড়াও রয়েড স্ট্রিট, মার্ক্যুইজ স্ট্রিটে মহম্মদ আলি ওরফে রাজু নামে এক হোটেল ব্যবসায়ীর হোটেলেও হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। তার আরও ২টো হোটেলেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
অন্যদিকে চক্রবেড়িয়ার ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা। তল্লাশি চালানো হয়েছে নারকেলডাঙার ব্যবসায়ী সঞ্জয় খৈতানের বাড়িতেও।






