
আর্থিক তছরুপ মামলায় এবার পাঞ্জাবে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জীব আরোরার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। সোমবার সকাল থেকে লুধিয়ানা-সহ তাঁর একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান।
অভিযোগ, প্রতারণা করে বিপুল পরিমাণ জমি হাতিয়েছেন ওই সাংসদ। সঞ্জীব অরোরার পাশাপাশি হেমন্ত সুদ নামে এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। ইডির এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিশানা করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, দলকে সাফ করার ষড়যন্ত্র চলছে।ইডি সূত্রে খবর, আপের রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরার বাড়ির পাশাপাশি দিল্লি, লুধিয়ানা ও জলন্ধরের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে ইডি। সাংসদের বিরুদ্ধে অভিযোগ, প্রতারণা করে কোটি কোটি টাকার জমি নিজের সংস্থার নামে করিয়ে নিয়েছেন অভিযুক্ত। শুধু তাই নয়, মহাদেব অ্যাপ মামলাতেও সঞ্জীব অরোরা যুক্ত রয়েছেন বলে অভিযোগ। তল্লাশি অভিযান চলাকালীন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সাংসদ। বলেছেন, তিনি দেশের আইনকে সম্মান করেন। কিন্তু কী কারণে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে তা তিনি জানেন না। তবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করছেন।
