
কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে একযোগে হানা দিয়েছে ইডি।
বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেক-র সেক্টর ফাইভের দফতর ও লাউডন স্ট্রিটে নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছেছেন ইডি-র আধিকারিকরা। সেখানেও তল্লাশি চলছে। শেক্সপিয়র সরণী এলাকার লাউডন স্ট্রিটের একটি বহুতল আবাসনে এদিন প্রথমে প্রতীকের বাড়িতে হানা দেয় ইডি। যদিও, মূল ফটকটি বন্ধ ছিল। ভিতরে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কলকাতা পুলিশের অফিসারদেরও। ইডি সূত্রে খবর, ওই আবাসনের থার্ড ফ্লোরে থাকেন প্রতীক। তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি-র আধিকারিকরা। সেক্টর ফাইভে আইপ্যাক-র যে অফিস রয়েছে, সেখানেও তল্লাশি শুরু হয়েছে। ইডি সূত্রে খবর, দিল্লির ইডি আধিকারিকরা মঙ্গলবার রাতে কলকাতা পৌঁছন। সেই দিল্লি জ়োনের অফিসাররাই এদিন কলকাতার তিনটি জায়গায় শুরু হয়েছে।
প্রতীকের বাড়ি, আইপ্যাক-র অফিসের পাশাপাশি, পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। কয়লাকাণ্ডের একটি পুরনো মামলায় নতুন করে এই সক্রিয়তা।








