
পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্যগ্রামের বিধায়ক রথীন ঘোষকে আবারও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে তাঁকে।
সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে রথীন ঘোষকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুর নিয়োগ দুর্নীতিতে অতীতে একাধিকবার রথীনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। ভোটের কারণ দেখিয়ে বার বার হাজিরা এড়িয়েছিলেন তিনি। তবে ১৫ মে সিজিও কমপ্লেক্সে হাজির হন রাজ্যের খাদ্যমন্ত্রী। প্রায় ১০ ঘণ্টা তাঁকে জেরা করা হয়। সেদিন ইডি অফিসে ঢোকার মুখে তিনি জানিয়েছিলেন তাঁকে কেন ডাকা হয়েছে তা তিনি জানেন না। তবে ইডি দফতর থেকে বেরিয়ে কিছু বলেন নি তিনি।
আবার সোমবার তাঁকে পুর নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছে। এর আগে ১১ মে ইডি দফতরে হাজিরা দেওয়ার পর গ্রেফতার করা হয় সুজিত বসুকে।






