
বাড়িতে তল্লাশির পর এবার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে তলব করেছে ইডি। ৮ এপ্রিল বুধবার সকাল ১১টায় সোনা পাপ্পুকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।
জমিকাণ্ডে এরআগে বুধবার বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পু বাড়িতে যায় ইডি। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে পিস্তল উদ্ধার করা হয়। এছাড়াও দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয় পাপ্পুর বাড়ি থেকে। কিছুদিন আগে রবীন্দ্র সরোবর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাতে সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। কিন্তু এখনও তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে অপরাধীদের তালিকায় সোনা পাপ্পুর নাম না থাকায় কসবা থানার ওসিকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও কেন অপরাধীদের তালিকায় সোনা পাপ্পুর নাম নেই।
কেন সোনা পাপ্পুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। শনিবার থানায় গিয়ে ওসিকে একাধিক প্রশ্ন করেন কমিশনের আধিকারিকরা। অভিযোগ প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেন নি ওসি বিশ্বনাথ দেবনাথ। এরপরেই কসবা থানার ওসি বিশ্বনাথ দেবনাথকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।









