
১২ চাকার লরিতে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রের। পথ দুর্ঘটনার জেরে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বসিরহাটের পশ্চিম ডন্ডিরহাট এলাকায় ওই ছাত্রের বাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই ছাত্রটি রাস্তার ধার দিয়ে হেঁটেই যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল একটি ১০ চাকার লরি। ছেলেটি পাশ দিতে গিয়ে সরে যায়। তখন অপর দিক থেকে চলে আসে আরেকটি ১২ চাকার লরি! কোমর থেকে পায়ের দিকে লরির চাকায় পিষ্ট হয়ে যায়। তড়িঘড়ি বাসিন্দারা ছুটে গিয়ে ছাত্রকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু এই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তার দুধারে দাঁড়িয়ে যায় শয়ে শয়ে গাড়ি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।
