
উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাংসদদের কারও ফোন বন্ধ, আবার কারও ফোন বেজেই চলেছে! সেই নিয়ে জল্পনার মধ্যেই শোনা যাচ্ছে, বুধবার বা বৃহস্পতিবার নাকি দিল্লিতে উদ্ধব শিবিরের বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে পারেন একনাথ শিন্ডের পুত্র শ্রীকান্ত!
বৃহস্পতিবার দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠক ডেকেছে উদ্ধব শিবির। সেই বৈঠকে কত জন দলীয় সাংসদ উপস্থিত থাকবেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও উদ্ধব শিবিরের দাবি, দলে ভাঙনের কোনও সম্ভাবনা নেই। তবে দলের অভ্যন্তরে মতবিরোধ রয়েছে। সূত্রের খবর, দিল্লিতে শ্রীকান্তের বাসভবনে বৈঠক হওয়ার কথা উদ্ধব শিবিরের সাংসদদের। সেই বৈঠকে থাকতে পারেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
শোনা যাচ্ছে, সেই বৈঠকের পর বিদ্রোহী সাংসদেরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন। সেখানেই পৃথক ব্লক গঠনের প্রস্তাব দিতে পারেন তাঁরা। মনে করা হচ্ছে, ওই শিবির পরে শিন্ডে সেনার সঙ্গে জুড়ে যেতে পারে।








