
ডিজিটাল অ্যারেস্ট-র মাধ্যমে হাওড়ার এক বৃদ্ধের কাছ থেকে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
হাওড়া সিটি পুলিশের সাইবার সেল আধিকারিকরা তদন্ত নেমে কপিল কুমারকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ছ’লক্ষ সতেরো হাজার টাকা। ধৃত কপিল কুমারকে হাওড়া আদালত চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, হাওড়ার বেলুড় থানার অন্তর্গত ঘুসুড়ির ৭৬ বছর বয়সী এক ব্যাক্তি সাইবার অপরাধীদের ফাঁদে পড়েন। ১১ মার্চ মানি লন্ডারিং ও অন্য কেসে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয় বলে জানায় দুষ্কৃতীরা। মুম্বইয়ের কোলাবা পুলিশ স্টেশন নাম করে পুলিশের পোশাক পড়ে একজন ওই বৃদ্ধকে ভিডিও কল করে বলে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। তিন দিন তিনি ওই অবস্থায় থাকেন। তারপর অন্য একটি নম্বর থেকে সুপ্রিম কোর্টের নকল অর্ডার সিট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে করে তাকে গ্রেফতারের কথা জানানো হয়।
অভিযোগ তিনি কালো টাকা পাচার এবং মুম্বই এয়ারপোর্টে কাস্টমসে তার নামে বেআইনি মাল আটকে আছে। এসব থেকে মুক্তি পেতে ৩০ লক্ষ টাকা পাঠাতে বলা হয়। টাকা পাঠানোর পর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।
