
মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির কর্মসূচিতে যোগ দেওয়ায় বৃদ্ধকে খুনের অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের মেমারিতে ঘটনার জেরে শোরগোল পড়েছে।
জানা গিয়েছে ৭০ বছরের নিহত লাল্টু সিকদার এলাকায় তৃণমূল সমর্থক হিসেবেই পরিচিত। মঙ্গলবার বর্ধমান জেলা বইমেলার অনুষ্ঠানে গিয়েছিলেন লাল্টু সিকদার। বই মেলার অনুষ্ঠানে ছিলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরিও। ফেরার পথে স্থানীয় তৃণমল সমর্থক আসলেম শেখ ওরফে তারু লাল্টু সিকদারকে কটূক্তি করেন বলে অভিযোগ। পরের দিন সকালে ফের লাল্টু সিকদারের সঙ্গে তারু শেখের বচসা বাধে। বচসার সময় তারু লাল্টু সিকদারের বুকে ঘুষি মারে বলে অভিযোগ। মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে লাল্টু সিকদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আসলেম শেখ তৃণমূল নেতা মহম্মদ ইসমাইলের অনুগামী বলে দাবি পরিবারের। মহম্মদ ইসমাইল তৃণমূলের মেমারি ২ ব্লকের প্রাক্তন সভাপতি। পারিবারিক বিবাদে খুন, এর সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছেন সিদ্দিকুল্লা চৌধুরি।









