
এক সপ্তাহ ধরে ডিজিটাল অ্যারেস্টে রেখে রাজস্থানের এক বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ৮০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোট ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের কাছ থেকে ১৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন, ডেবিট কার্ড, পাসবই ইত্যাদি। এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। আজমেরের বৃদ্ধার বিষয়টি তদন্ত করতে গিয়ে রাজস্থানে বড় প্রতারণা চক্রের হদিশ পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, নভেম্বর মাসে একটি অচেনা নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিয়ো কলের মাধ্যেমে নিজেকে মুম্বই পুলিশের সাইবার শাখার আধিকারিক হিসাবে পরিচয় দেয় একজন। বলা হয়, সাম্প্রতিক একটি গুরুতর অপরাধের সঙ্গে বৃদ্ধার যোগসূত্র থাকায় তাঁকে ডিজিটাল গ্রেফতার করা হয়েছে। প্রতারকেক কথা মতো দফায় দফায় একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠিয়েও দিয়েছিলেন ওই বৃদ্ধা। সপ্তাহখানেক পর বৃদ্ধা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তিনি। তত ক্ষণে তাঁর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। এর পরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, মহিলার থেকে ৮০ লক্ষ টাকা নেওয়ার পর ওই টাকা প্রায় ১৫০টি অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে। অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পর তা আবার ক্রিপ্টোকারেন্সিতে বদলে ফেলা হয়েছে।
