
ফোনে আড়িপাতার অভিযোগের পরেই ভোটের মুখে মহারাষ্ট্র পুলিশের ডিজি রেশমি শুক্লাকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, রেশমি শুক্লার পরবর্তী সবচেয়ে সিনিয়র আইপিএসকে ডিজি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব সুজাতা সৌনিককে।
ডিজিকে বদলি করে ওই পদের জন্য প্রস্তাবিত তিনটি নামের তালিকা মঙ্গলবারের মধ্যে কমিশনকে পাঠানোর জন্য বলা হয়েছে।সম্প্রতি রেশমি শুক্লার বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছিল মহারাষ্ট্রের বিরোধী শিবির। শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত অভিযোগ করেছেন, ২০১৯ সালে তাদের সরকার গঠনের সময় সরাসরি বিজেপির হয়ে কাজ করছিলেন রেশমি শুক্লা। তিনি ফোনে আড়ি পেতেছিলেন।তাঁরা কখন কোথায় কী করতে চলেছেন, সেই সব খবর দেবেন্দ্র ফড়নবীসকে দিয়েছিলেন। তিনি সুষ্ঠু ভাবে নির্বাচন করাবেন, এই আশা তাঁরা কী ভাবে রাখবেন। মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেও মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে চিঠি পাঠিয়েছিলেন।
২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। গণনা ২৩ নভেম্বর।
ছবি সৌজন্যে : এক্স
