
এসআইআর-র কাজে নিযুক্ত রাজ্যের আরও ৭ এইআরও-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে এসআইআর-এর কাজে অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে কমিশন।
প্রত্যেককেই অবিলম্বে সাসপেন্ড করার জন্য নবান্নে চিঠি পাঠিয়েছে তারা। রাজ্যের চার আধিকারিককে আগেই সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু এফআইআর দায়ের না-হওয়ায় শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে। তার পরের দিনই জানা যায়, ওই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য মঙ্গলবার পর্যন্ত রাজ্যকে সময় দিয়েছে কমিশন। এই সাত জনের মধ্যে তিন জন রয়েছেন মুর্শিদাবাদ জেলার, দু’জন দক্ষিণ ২৪ পরগনার, একজন জলপাইগুড়ির এবং এক জন পশ্চিম মেদিনীপুরের আধিকারিক। জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের দুই এইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুন্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরি, মুর্শিদাবাদের সমশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, ফরাক্কার এইআরও নীতীশ দাস, সুতির এইআরও শেখ মুর্শিদ আলমকে এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাসকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। এই নির্দেশ পাওয়ার পরে রাজ্য কী পদক্ষেপ করছে, তা-ও কমিশনকে জানাতে বলা হয়েছে।
