
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন, আগামী বছর জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট একই সঙ্গে হবে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামি-র নেতারা দাবি তুলেছেন,জাতীয় সংসদের নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে বাংলাদেশে।অন্য দিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি-র দাবি,কোনও অবস্থাতেই জাতীয় সংসদের নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব সংক্রান্ত গণভোট করানো চলবে না।এই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে মহম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলির মতামত নেওয়ার পরে জাতীয় ঐকমত্য কমিশন গণভোটের নির্ঘণ্ট স্থির করার ভার অন্তর্বর্তী সরকারকে দিয়েছিল।তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর আগে ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিকল্প দু’টি সুপারিশ জমা দিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন।প্রথমটিতে বলা হয়েছে,সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে।
গণভোটে প্রস্তাব পাশ হলে আগামী জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। নির্ধারিত সময়ে সংসদ এটি করতে ব্যর্থ হলে সংস্কার প্রস্তাবগুলি স্বয়ংক্রিয় ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে।দ্বিতীয় সুপারিশটিও প্রায় একই।তবে সেখানে বলা হয়েছে,২৭০ দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করা হবে। না হলে কী হবে, তার কোনও উল্লেখ নেই।








