
নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুরু হয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা মিনিটে, বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে ভোটগ্রহণ শুরু হয়েছে।
চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। সাধারণ নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। তবে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সেখানকার একটি বুথের প্রিসাইডিং অফিসারকেও সরানো হয়েছে। সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। ইতিমধ্যেই ভোট দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা।
বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটও হচ্ছে বাংলাদেশে। গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে আলাদা এবং ভিন্ন রঙের করা হয়েছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর এই প্রথম নির্বাচন হচ্ছে বাংলাদেশে।
