
নির্বাচনী ব্যবস্থায় দ্রুত ক্ষয় ধরছে। নির্বাচন কমিশনের নতুন বিধিকে কটাক্ষ করে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, নির্বাচনী ব্যবস্থায় দ্রুত ক্ষয় ধরছে। আশা করা যায় সুপ্রিম কোর্ট উপযুক্ত পদক্ষেপ করবে। সম্প্রতি কেন্দ্র বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এবার থেকে আর ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনবে না নির্বাচন কমিশন। আদালতও চাইলে নির্বাচন কমিশনকে ভোট সংক্রান্ত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না। বিষয়টিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রিট দাখিল করেছে কংগ্রেস। এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে জয়রাম রমেশ লিখেছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। যাদের উপর স্বচ্ছভাবে ভোট প্রক্রিয়া আয়োজনের দায়িত্ব বয়েছে।
তারা আমজনতার সঙ্গে আলোচনা ছাড়া এককভাবে এরকম গুরুত্বপূর্ণ কোনও আইন বদলে ফেলতে পারে না। আইনের এই বদল নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। শীর্ষ আদালত এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে বলেই মনে করছেন কংগ্রেস নেতা।
