
বাংলাদেশের বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
জানা গিয়েছে, বগুড়ার সেউজগাড়ি ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়েছিল। পথে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছলে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এই সময় রথে থাকা অনেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। ছড়িয়ে ছিটিয়ে পড়েন অনেকে।ঘটনার পরই রথযাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিজনরা। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজন আহতর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।






