
ঝাড়খণ্ডে বনসংলগ্ন এলাকায় প্রসবযন্ত্রণায় ছটফট করছিল একটি হাতি। হাঁটতে হাঁটতে কোনও রকমে রেললাইনের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে সে। এরপরই সেখানেই সন্তানের জন্ম দেয় হাতিটি। কিছু ক্ষণ রেললাইনে বিশ্রাম নেওয়ার পর হাতিটি তার খুদে শাবককে নিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যায়।
সেই সময় ছুটে আসছিল একটি ট্রেন। দূর থেকে অন্তঃসত্ত্বা হাতিটিকে লক্ষ করে দাঁড়িয়ে পড়েছেন ট্রেনের চালক। সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর পাঠানো হয়। সম্প্রতি নিজের এক্স সাবেক হ্যান্ডলে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
হাতির ভিডিয়োটি পোস্ট করে ভূপেন্দ্র জানান যে, হাতির সন্তান প্রসবের সময় সেই ট্রেনটি দু’ঘণ্টা দাঁড়িয়েছিল। হাতিটি সরে গেলে তার পর ট্রেন রওনা দেয়। ভূপেন্দ্র যাদব জানিয়েছেন , রেল কর্তৃপক্ষের সহায়তায় সারা ভারতে সাড়ে ৩ হাজার কিলোমিটার বিস্তৃত রেলপথের মধ্যে ১১০টি স্পর্শকাতর বনাঞ্চল চিহ্নিত করা গিয়েছে।
