
কারেগুট্টা পাহাড়ে ৩১ জন মাওবাদী খতমের পর এই সাফল্যকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২১ দিন ধরে ছত্তিশগড়-তেলাঙ্গানা সীমান্তে অবস্থিত বিজাপুরের কারেগুট্টা পাহাড়ের ঘন জঙ্গলে চলেছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মাওবাদী বিরোধী অভিযান।
এই অভিযানে অন্তত ৩১ জন মাওবাদী খতম হয়েছে। এক্স বার্তায় অমিত শাহ লিখেছেন, মাত্র ২১ দিনে এত বড় অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে যৌথ বাহিনী। এটাই অত্যন্ত বড় কৃতিত্বের ব্যাপার। আর সবচেয়ে আনন্দের বিষয় হল, বাহিনীর কোনও সদস্য এই অভিযানে প্রাণ হারাননি। তাঁর কথায়, যে পাহাড় এক সময় লাল সন্ত্রাসের দুর্গ ছিল, আজ সেখানে গর্বের সঙ্গে তেরঙা পতাকা উড়ছে।
শাহ জানিয়েছেন, ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করতে কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। অভিযানে অংশ নিয়েছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের অভিনন্দন জনিয়ে বলেছেন, পুরো দেশ আপনাদের জন্য গর্বিত।
অন্যদিকে, এই সাফল্যের পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই যৌথ বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন।








