ওপেনএআইয়ের বিরুদ্ধে ইলন মাস্কের মামলা

0
134
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জগতে আলোচিত প্রতিষ্ঠান ওপেনএআই এবার ইলন মাস্কের আইনি তোপের মুখে পড়েছে। প্রাক্তন টুইটার বর্তমানে এক্স, টেসলা, স্পেসএক্স এবং নিউরালিংকের মালিক মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রতিযোগিতা–বিরোধী আচরণের অভিযোগ এনে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করেছেন।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির কাজকর্মে প্রাথমিক নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি। ইলন মাস্কের অভিযোগ, ওপেনএআই অসাধু উপায়ে প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে এবং ব্যবসায়িক স্বার্থে একপেশে সিদ্ধান্ত নিচ্ছে। মামলায় তিনি উল্লেখ করেছেন,প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান, সিইও স্যাম অল্টম্যান এবং বোর্ড সদস্য রিড হফম্যানসহ আরও কয়েকজন এই অনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িত।মামলার নথিতে দাবি করা হয়েছে, ওপেনএআই মাস্কের প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইকে লক্ষ্যবস্তু করেছে। এর ফলে একটি বড় বিনিয়োগকারী ওপেনএআইয়ের চাপের মুখে এক্সএআইতে বিনিয়োগ থেকে সরে দাঁড়িয়েছে। এতে এক্সএআই আর্থিক ও প্রতিযোগিতার দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে।অভিযোগে আরও বলা হয়েছে, ওপেনএআই পরিচালকদের ব্যক্তিগত স্বার্থে ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছে। উদাহরণস্বরূপ, পেমেন্ট প্রসেসরের জন্য স্ট্রাইপকে বেছে নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে, যা স্যাম অল্টম্যানের সঙ্গে যুক্ত।ইলন মাস্কের আইনজীবীরা দাবি করেছেন,ওপেনএআইয়ের অলাভজনক চরিত্র রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।তা না হলে প্রতিষ্ঠানটি নৈতিক অবস্থান হারাবে। তবে ওপেনএআই মাস্কের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের একজন মুখপাত্র জানিয়েছেন, মাস্কের অভিযোগগুলো পুরোনো এবং কোনো আইনি ভিত্তি নেই। উল্লেখ্য এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন।

সে সময় তিনি অভিযোগ করেছিলেন, প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠাকালীন অলাভজনক লক্ষ্য থেকে সরে এসেছে।অন্যদিকে ওপেনএআই বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষেত্রে অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান।