
অযোধ্যার রামমন্দিরে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ইমেল আইডিতে। এই হুমকি বার্তা আসার পরেই নড়চড়ে বসেছে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন। তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।
অযোধ্য জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ু থেকে ইমেলটি এসেছে। তারপরেই মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে মন্দির কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে হুমকি ইমেলের বিষয়ে কোনও বিবৃতি দেননি। অযোধ্যায় রামলালার নিরাপত্তার দায়িত্বে ইতিমধ্যেই বিশেষ বাহিনী গড়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
বাছাই করা ২০০ অফিসার এবং জওয়ান রয়েছেন সেই বাহিনীতে। গত বছরের ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার পরেই রামমন্দিরের দায়িত্ব নেয় ওই বাহিনী।
