
আন্তর্জার্তিক মহাকাশ স্টেশনে এয়ার লিক হওয়ার ঘটনায় পাঁচ মহাকাশচারীকে প্রায় দু’ ঘণ্টার জন্য নিরাপদ আশ্রয়ে যেতে এবং প্রয়োজনে স্টেশন ত্যাগের প্রস্তুতি নিতে বলা হয়। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, স্টেশনের রাশিয়ান অংশে একটি ফাটল মেরামতের কাজ চলাকালে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
নাসার মিশন কন্ট্রোল স্টেশনে থাকা ক্রু-১২ মিশনের চার সদস্যকে তাদের ডক করা স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযানে প্রবেশের নির্দেশ দেয়।এই চারজনের মধ্যে ছিলেন দুই মার্কিন মহাকাশচারী, একজন ফরাসি মহাকাশচারী এবং একজন রুশ মহাকাশচারী। তাদের সঙ্গে স্টেশনে থাকা আরো একজন মার্কিন মহাকাশচারীকেও একই নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জরুরি প্রয়োজন দেখা দিলে দ্রুত স্টেশন ত্যাগের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
প্রায় দু’ ঘণ্টা পর নাসার ওই নির্দেশ প্রত্যাহার করে নেয় এবং মহাকাশচারীদের আবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফিরে যাওয়ার অনুমতি দেয়। এ সময় নাসা ও রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এয়ার লিকের মাত্রা ও পরিস্থিতি পর্যালোচনা করছিল। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে নাসা ও রসকসমস স্টেশনের রাশিয়ান অংশে থাকা জেভেজদা সার্ভিস মডিউলে দেখা দেওয়া ছোট ছোট বায়ু লিকের কারণ এবং তা মেরামতের উপায় নিয়ে আলোচনা করে আসছে। এই মডিউলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে মহাকাশচারীরা বসবাস ও কাজ করেন।
