
সন্দেহ বা বিবাদ নয়, দুই দেশের বোঝাপড়ার উপর জোর দেওয়া উচিত। ভারতে এমনই বার্তা দিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং য়ি। সোমবার বেজিংয়ে বিদেশসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠকে ভারত-চিন সম্পর্ক জোরদার করার পক্ষে সওয়াল করেছেন তিনি।
রবিবার দু’দিনের সফরে চিনে গিয়েছেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। চিনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক দফতরের প্রধান লিউ জিয়ানচাওয়ের সঙ্গে ইতিমধ্যে বৈঠকও করেছেন তিনি। লাদাখে সীমান্ত চুক্তির বিষয়ে দুই দেশ যে ঐকমত্যে এসেছে, তার বাস্তবায়ন নিয়ে কথা হয় দু’পক্ষের।পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন উদ্বেগজনক বিষয় নিয়েও আলোচনা হয়েছে তাদের। ভারত সরকারের প্রতিনিধিদের চিন সফর নিয়ে আশাবাদী বেজিং। তাদের মতে, স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনার ধারাবাহিকতা জরুরি।এরপরেই সোমবার চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি।বৈঠকে চিনের বিদেশমন্ত্রী বলেছেন, ভারত-চিনের উচিত সুযোগকে কাজে লাগানো। দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি করা। আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি খুঁজে বার করার দায়িত্ব দু’দেশেরই।
পারস্পরিক বোঝাপড়া, সমর্থন এবং অর্জনের প্রতিশ্রুতি দেওয়া। ওয়াং য়ি জোর দিয়ে বলেছেন, চিন এবং ভারতের সম্পর্ক উন্নতি সম্পূর্ণরূপে দুই দেশ এবং তাদের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
