মহাজটের ইতি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়ণবিসই

0
196
ছবি সৌজন্যে : এক্স
দীর্ঘ ১১ দিনের দ্বিধা-টানাপোড়েন-জল্পনা কাটিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবিস।মুম্বইয়ে বিজেপির বিধায়ক দলের বৈঠকের পর এই নামে সিলমোহর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন  দেবেন্দ্র ফড়ণবিস।
তবে উপমুখ্যমন্ত্রী হিসেবে অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে দু’জনেই শপথ নেবেন কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি। বুধবার সকালে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে কোর কমিটির বৈঠকে দেবেন্দ্র ফড়ণবিসকে পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করেন দলীয় বিধায়করা। চন্দ্রকান্ত পাটিল ও সুধীর মুঙ্গান্তিকর আনুষ্ঠানিকভাবে দেবেন্দ্র ফড়নবিশের নাম প্রস্তাব করেন। প্রস্তাবকে সমর্থন করেন পঙ্কজা মুন্ডে। এরপরেই বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে এই দিনটাকে ঐতিহাসিক ও উৎসবের দিন বলে ঘোষণা করেছেন।বৈঠকের শুরু থেকেই দেবেন্দ্র ফড়নবিশের নাগপুরের বাড়ির সামনে দলীয় কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেন। ঢোল-কাড়া-নাগাড়া বাজিয়ে নাচগান শুরু হয়ে যায়।বিজেপি সভাপতি বলেছেন, রাজ্যে ফের একবার শুরু হতে চলেছে ডাবল ইঞ্জিন সরকার।মহারাষ্ট্রে প্রায় ১১ দিন ধরে চলছে টানটান উত্তেজনা। মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে দীর্ঘ কাটাছেঁড়া চলেছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছে ২৮৮টি আসনের মধ্যে ২৩০টিতে জয় পেয়েছে মহাজুটি জোট। এরপর থেকেই জয়ের কৃতিত্ব দাবি করে একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী পদে ফেরানো উচিত, এ কথা বলতে শুরু করে শিবসেনা শিবির।
 যদিও বিজেপি প্রথম থেকেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে তাদের দলের নেতাকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য জোরাল সওয়াল শুরু করে। শেষে একনাথ শিন্ডে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।