
এ বার পুজোয় টালা প্রত্যয়ের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন এক পরিবেশবান্ধব প্রযুক্তি আনতে চলেছে কলকাতা পুরসভা।
এতে পুজোমণ্ডপ সংলগ্ন এলাকায় ইতস্তত ছিটিয়ে থাকা কঠিন বর্জ্যকে ব্যবহারযোগ্য জ্বালানি বা কাঠকয়লায় পরিণত করা হবে। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ জানিয়েছেন, আপাতত পাঁচ টন বর্জ্য নিয়ে পরীক্ষামূলক ভাবে মণ্ডপ সংলগ্ন এলাকায় এই প্রযুক্তির ব্যবহার করা হবে। সফল হলে পরে হাইওয়ের ধারে ধারে এই যন্ত্রগুলি বসানো হবে। সেখান থেকে বর্জ্য সংগ্রহ করে তা জ্বালানিতে পরিণত করা হবে। এই পদ্ধতিতে যে কাঠকয়লা তৈরি হবে, তা তাপবিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস, সিমেন্ট তৈরির কারখানা কিংবা অন্যান্য শিল্পক্ষেত্রে কাজে লাগানো হবে।
এই যন্ত্র ব্যবহার করলে বর্জ্য আলাদা করে পরিবহণ করতে হবে না। যেখানে যন্ত্রটি রয়েছে, সেখানেই বর্জ্য প্রক্রিয়াকরণ করা হবে।
