
জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডলাস তার ফ্যানদের এক দারুণ ও আনন্দদায়ক চমক উপহার দিয়েছেন। দিল্লিতে তার বহু প্রতীক্ষিত,দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর-এর উদ্বোধনী কনসার্ট চলাকালীন মঞ্চেই নিজের বাগদানের ঘোষণা করেছেন জেসমিন।
শুধু ঘোষণাই নয়, দর্শকদের উচ্ছ্বাসের মাঝে নিজের হবু বর শেখর চৌধুরীকে মঞ্চে ডেকে নেন এবং সবার সামনে নিজের বাগদানের আংটি প্রদর্শন করেন।নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে আয়োজিত এই কনসার্টটি ছিল জেসমিনের ভারত সফরের প্রথম শো।পারফরম্যান্সের একপর্যায়ে হবু বর শেখর মঞ্চে এলে পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে। রোমান্টিক এই মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলতে জেসমিন তার অত্যন্ত জনপ্রিয় গান,লাভান-এর সুরে হবু বরের সঙ্গে নাচেন, যা উপস্থিত হাজারো শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। গান ও প্রেমের এমন মেলবন্ধন কনসার্টটিকে এক অন্য মাত্রা এনে দেয়।বাগদানের খুশির খবরের পাশাপাশি জেসমিন তার একের পর এক জনপ্রিয় পাঞ্জাবি গান দিয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন। লাভান, পাঞ্জেবা, সিপ সিপ গানের পাশাপাশি তার ধুরন্ধর সিনেমার গান,শারারাত, জাইয়ে সাজনা গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন।এ ছাড়া তার ব্লকবাস্টার হিট গান তারাস, ইললিগাল ওয়েপন এবং ইয়ার না মিলে গাওয়ার সময় পুরো গ্যালারি নেচে ওঠে। গান গাওয়ার ফাঁকে ফাঁকে জেসমিন দর্শকদের সঙ্গে মনখোলা আড্ডা দেন এবং ফ্যানদের কাছ থেকে পাওয়া উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।উদ্বোধনী এই কনসার্টে জেসমিনের ফ্যাশন স্টেটমেন্টও ছিল নজরকাড়া।
জমকালো এক সোনালি লেহেঙ্গার সঙ্গে ভারী গহনা পরে মঞ্চে এসেছিলেন তিনি, যা সন্ধ্যার রাজকীয় আমেজের সঙ্গে দারুণভাবে মিলে যায়।টিম ইনোভেশনের উপস্থাপনায় দিল্লির এই সফল আয়োজনের পর জেসমিন স্যান্ডলাসের এই মিউজিক্যাল ট্যুর পরবর্তী সময়ে মুম্বাই, বেঙ্গালুরু এবং চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে।
