ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ইঞ্জিনে ত্রুটি

0
127
ছবি সৌজন্যে : নিজস্ব
এয়ার ইন্ডিয়ার বিমানে ফের প্রযুক্তিগত ত্রুটি। এবার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। আপাতত কলকাতা বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে বিমানটি।
যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ বিমানটি আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইয়ে যাওয়ার কথা ছিল। সোমবার রাত পৌনে ১টা নাগাদ দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমানটি কলকাতা বিমানবন্দরে সময় মতোই অবতরণ করে। কলকাতা থেকে রাত ২টোর সময় বিমানটির মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বিমানটি রওনা হয়নি। শেষে ভোর ৫টা ২০ মিনিট নাগাদ সকল যাত্রীকে বিমান থেকে নেমে যাওয়ার জন্য বলা হয়। এআই ১৮০-র পাইলট ঘোষণা করেন, বিমানের সুরক্ষাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের বিমান থেকে নামানোর পরে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিকে দমদম বিমানবন্দরে টারম্যাকে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই রাখা আছে বিমানটি। বিমানবন্দরে উড়ান সংস্থার কর্মীরা ইঞ্জিনের সমস্যাটি খতিয়ে দেখছেন।