
ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে নয়ডায়। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম আকাশদীপ।
তিনি দিল্লি টেকনিক্যাল ক্যাম্পাসের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয় মঙ্গলবার সন্ধ্যায়। পুলিশ জানায়, রুমমেট ঘরে না থাকার সুযোগ নিয়ে আত্মহত্যা করেছেন আকাশদীপ। পরে সেই রুমমেট ফিরে এসে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।
সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আকাশদীপকে। কিন্তু সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, হস্টেলে আকাশদীপের ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। মৃত্যুর নেপথ্যে অন্য কারও হাত নেই বলেও সুইসাইড নোটে লেখা হয়েছে।
