
প্রথম শ্রেণির ক্যারিয়ার খুব একটা দীর্ঘ নয় জ্যাকব বেথেলের। খেলেছেন কেবল ২০টি ম্যাচ। তাতেই ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়ে গেছেন ব্যাটিং অলরাউন্ডার।
তাকে রেখে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে ইংলিশরা। তিন টেস্টের সিরিজের জন্য ১৬ জনের দল দিয়েছে ইংল্যান্ড। কিপার-ব্যাটসম্যান জেমি স্মিথের জায়গায় প্রথমবার টেস্ট দলে ডাকা হয়েছে বেথেলকে। নিউ জিল্যান্ড সফরের সময় পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন স্মিথ। শেষ পাকিস্তান সফরে ২-১ ব্যবধানে হেরে যাওয়া দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে ইংল্যান্ড। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন ২১ বছর বয়সী বেথেল। কার্ডিফে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আলো ছড়ান তিনি। ২৪ বলে ৪৪ রানের ম্যাচ জেতানো বিধ্বংসী ইনিংস খেলেন ওয়ারউইকশায়ারের ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডেতেই সুযোগ দেওয়া হয় তাকে। কিন্তু তেমন কিছু করতে পারেননি। এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।অন্যদিকে,প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও তেমন অভিজ্ঞ নন বেথেল। ৩০ ইনিংসে ২৫.৪৪ গড়ে রান ৭৩৮, ফিফটি পাঁচটি, সেঞ্চুরি পাননি এখনও।
বাঁহাতি স্পিনে কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। ওয়ানডেতে এরই মধ্যে ধরেছেন ৪ শিকার। ২১ লিস্ট এ’ ম্যাচে তার উইকেট ১৯টি। টি-টোয়েন্টি ও প্রথম শ্রেণিতে ৭টি করে উইকেট নিয়েছেন জ্যাকব বেথেল।
ছবি সৌজন্যে : এক্স
