
ইংল্যান্ড মহিলা ফুটবল দলের ডিফেন্ডার জেস কার্টার জানিয়েছেন, ইউরো ২০২৫ শুরু হওয়ার পর থেকে তিনি অনলাইনে বর্ণবাদমূলক আক্রমণের শিকার হচ্ছেন। এর প্রতিবাদে টুর্নামেন্ট চলাকালীন সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন তিনি।
২৭ বছর বয়সী কার্টার ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ফ্যানরা পারফরম্যান্স নিয়ে মতামত দিতে পারে, কিন্তু কারও জাতিগত পরিচয় কিংবা চেহারা নিয়ে আক্রমণ করা মোটেই গ্রহণযোগ্য নয়। নিজেকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।২৭ বছর বয়সী কার্টার টুর্নামেন্টে ইংল্যান্ডের চারটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন। তবে সুইডেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে দুটি গোল হজম করে ইংল্যান্ড। সে ম্যাচে তার পারফরম্যান্স নিয়ে কিছুটা সমালোচনা হয়। এবার জেনেভায় সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড।
উল্লেখ্য ইউরোতে প্রতিটি ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডের খেলোয়াড়েরা বর্ণবাদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে হাঁটু গেঁড়ে বসত। তবে এই ম্যাচে তারা সেটা করবেন না।দলের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ণবাদ মোকাবিলায় নতুন পথ খুঁজে বের করতে হবে। যারা অনলাইনে বিষ ছড়াচ্ছে, তাদের আইনের আওতায় আনা জরুরি।
